আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সরকারি সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। রবিবার (১১ মে) এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অনেক আগেই এই ফ্যাসিবাদী দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলাম। এখন সেই দাবি বাস্তবায়িত হওয়ায় আমরা আনন্দিত।”
তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনে বিচারিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়। পরবর্তীতে ১৬ এপ্রিল সর্বশেষ সাক্ষাতে ‘ফ্যাসিবাদী দল ও তাদের সহযোগীদের বিচার করে রাজনৈতিক অঙ্গনকে জঞ্জালমুক্ত করার’ আহ্বান জানানো হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার পক্ষে ছিলাম। যদিও অতীতে প্রশাসনিক আদেশে জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞার সময় আমরা বিরোধিতা করেছি।”
তিনি জানান, “গত রাতে (১০ মে) অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম নির্বিঘ্ন করার পথ প্রশস্ত হলো।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “যদি আগেই আমাদের দাবির প্রতি সাড়া দেওয়া হতো, তাহলে সরকারকে এমন চাপের মুখে বিব্রতকর সিদ্ধান্ত নিতে হতো না। আমরা আশা করি, ভবিষ্যতে সরকার এমন বিষয়ে আরও সতর্ক থাকবে।”
তিনি মনে করিয়ে দেন, “গত ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ফিরে পেতে গুম, খুন, জুলুম সহ্য করে এসেছে। এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সুনির্দিষ্ট রোডম্যাপের অভাবে জনমনে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।”






