চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজান শাখার কর্মী ইসতিয়াক হোসেন সিফাত (২১)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন হামলাকারী মুহাম্মদ ইমরান (২৬)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি ওই ইউনিয়নের আশ্চার্য্য পাড়ার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নোয়াপাড়া শাখার কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ইমরানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী ইসতিয়াক হোসেন বলেন, “জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে ইমরান আমার ওপর হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় সে ধরা পড়ে। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনৈতিক কারণে হামলা করতে পারে।”
ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজান শাখার নেতারা এক বিবৃতিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা এখনও সুযোগ পেলেই বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, “হামলার অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা ইমরানকে পুলিশে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”






