শ্রমিকদের রক্ত ও ঘামে গড়ে ওঠে শিল্প-কারখানা, আর সেই ঘামকে আতরের মতো মূল্যবান মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো জায়গায় গেলে অনেক শ্রমিক নিজেদের ঘামে ভেজা শরীর নিয়ে আমাদের সঙ্গে হাত মেলাতে সংকোচ বোধ করেন। কিন্তু আমি তাদের বুকে টেনে নিই, কারণ তাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো।”
তিনি আরও বলেন, “আমরা সমাজে বৈষম্য দেখতে চাই না। সব পেশার মানুষ আমাদের চোখে সমান। মালিক-শ্রমিক দ্বন্দ্ব নয়, বরং সমন্বয়ের ভিত্তিতে শিল্প বিকাশের পথ তৈরি করতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। একইসঙ্গে শ্রমিকদেরও বোঝা উচিত, মালিক ও শিল্প ধ্বংস হলে তাদের কাজও থাকবে না। তাই উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে।”
নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং নামাজের স্থান নিশ্চিত করার দাবিও জানান তিনি। বলেন, “পুরুষদের জন্য যতটুকু জায়গা রাখা হয় নামাজের জন্য, নারীদের ক্ষেত্রেও সেটা থাকা উচিত। আমি কারখানা মালিকদের আহ্বান জানাই—নারীদের জন্য নামাজের জায়গা ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলুন।”
সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারা বলেন, গত ১৭ বছর শ্রমিক সমাবেশ আয়োজন করতে পারেনি তারা। এই সময়ের মধ্যে বহু শ্রমিক বঞ্চনার শিকার হয়েছেন। তাই এখনই সময় শ্রমিকদের অধিকার সুনির্দিষ্টভাবে নিশ্চিত করার। তারা ইসলামি শ্রমনীতি চালুর দাবি জানান—যেখানে মালিক-শ্রমিকের মধ্যে বৈষম্য থাকবে না এবং কোনো শ্রমিক অভুক্ত থাকবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।






