জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি—এমন মন্তব্য করে নতুন করে হামলার শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জুলাই কেবল একটি সময় নয়, এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়।’
শনিবার (৪ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাইয়ের বিরোধিতাকারীরা হারিয়ে যায়নি। তারা এখনো পর্যবেক্ষণ করছে, অপেক্ষা করছে—হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।’
শফিকুল আলম বলেন, এটি বাংলাদেশের দুটি বিপরীত দৃষ্টিভঙ্গির মধ্যে একটি যুদ্ধ। একদিকে রয়েছে গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন, অন্যদিকে রয়েছে লুটেরা ও বংশগত শাসনব্যবস্থার প্রবক্তারা, যারা অতীতের দুর্নীতিকে আঁকড়ে ধরে আছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যখনই আমরা বিশ্রাম নিই বা মনে করি লড়াই শেষ, ঠিক তখনই তারা ফিরে আসে—প্রচারণা, হিংসা ও বিভ্রান্তি নিয়ে। তাই রাস্তাগুলো ফাঁকা রাখা যাবে না, বাস্তব এবং আদর্শ—দুটো রাস্তাই দখলে রাখতে হবে।’
প্রেস সচিব আরও বলেন, যে কোনো বিপ্লব-পরবর্তী সময়ে সবচেয়ে কঠিন কাজ সত্যকে রক্ষা করা। কারণ যদি আমরা সতর্ক না থাকি, তাহলে প্রতিপক্ষ মিথ্যার মাধ্যমে নিজেদের বিবরণ চাপিয়ে দেবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘বিহারিদের ভাগ্যই তার প্রমাণ—তাদের মধ্যে অনেকেই যুদ্ধের সময় নিরীহ ছিল, কিন্তু সবাইকে এক কাতারে ফেলে নির্যাতন করা হয়েছে।’
জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠা প্রজন্ম আজ নিজেদের গল্প বলতেও লজ্জা পায় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা যেন আমাদের ভবিষ্যৎ না হয়।’
তিনি ঘোষণা দেন, ‘জীবন যেদিকে যাক না কেন, আমি রাস্তাগুলো ছাড়ব না। জুলাইয়ের হত্যাকাণ্ডের কথা বলাও থামাব না। আমি ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত যে সময়টা পার করেছি—সেই নিপীড়ন ও ভয়ের সময় নিয়ে আমি কথা বলে যাব।’
প্রেস সচিব বলেন, নতুন বাংলাদেশের জন্য লড়াই কেবল রাজনৈতিক নয়, এটি এখন ব্যক্তিগত, অস্তিত্বের প্রশ্ন। ‘আমি এই লড়াইয়ে হারতে পারি না, হারবও না।’






