বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আলোচনার প্রায় সব প্রক্রিয়া শেষ হয়েছে, জুনের মধ্যেই অর্থ ছাড় হতে পারে।
ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ মিশন অফিসে দেশীয় একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর বলেন, “আমরা যে বাজেট শেষ করছি, তার ঘাটতি কমাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ। আইএমএফের সঙ্গে চূড়ান্ত চুক্তির অপেক্ষায় আছি। অর্থ ছাড়ে আর বাধা নেই।”
তিনি জানান, বাজেট সহায়তার আওতায় আড়াই থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে। পাশাপাশি ব্যাংক খাত পুনর্গঠনের কাজ চলছে, যাতে দুর্নীতিবাজদের প্রভাব কমিয়ে সুশাসন নিশ্চিত করা যায়। ইউসিবিএল ও ইসলামি ব্যাংক ইতিমধ্যেই ভালো করছে, এনআরবিসি ব্যাংকেরও অগ্রগতি আছে বলে জানান তিনি।
ড. মনসুর আরও বলেন, “এলডিসি থেকে উত্তরণের পর স্বল্পসুদে বিশ্বব্যাংকের ঋণ পাওয়া কঠিন হবে। তাই বিকল্প উৎস খুঁজছি। জাপান ও মার্কিন ব্যাংক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে।”
আইএমএফের ঋণ কর্মসূচি বিষয়ে তিনি জানান, “এখন পর্যন্ত ২৩১ কোটি ডলার পেয়েছি, আরও ২৩৯ কোটি ডলার পাওয়ার কথা রয়েছে। কাঠামোগত সংস্কারের বেশিরভাগ শর্ত পূরণ হয়েছে, তাই আশঙ্কার কিছু নেই।”
এই সহায়তা নিশ্চিত হলে আসন্ন বাজেটে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।






