শিক্ষা মন্ত্রণালয় ছয় দফা দাবি বাস্তবায়নে একটি কমিটি গঠন করলেও তাতে আস্থা রাখতে পারছে না পলিটেকনিক শিক্ষার্থীরা। ফলে তারা ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অতীতে গঠিত কমিটিগুলোর অভিজ্ঞতা আশানুরূপ না হওয়ায় তারা এবারও একই ধরনের অনাস্থা প্রকাশ করছেন। কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, “কমিটি গঠন মানেই সমাধান নয়। আমাদের পূর্বের অভিজ্ঞতা বলছে, এতে দাবি পূরণ হয় না। তাই আমরা সর্বসম্মতভাবে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত তুলে নিচ্ছি।”
তিনি জানান, বৃহস্পতিবার ঢাকায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে। সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় অঞ্চল থেকে শিক্ষার্থীরা রাজধানীতে সমবেত হচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে একইসঙ্গে জানিয়েছিলেন, দাবি পূরণে গড়িমসি হলে তারা আবার আন্দোলনে ফিরবেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। কমিটিতে আন্দোলনরত ছাত্রদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর একজন উপদেষ্টাসহ একজন প্রতিনিধি রাখা হয়েছে।






