প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা এক সময় শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পরিচিতি পান। দাদার অনুপ্রেরণায় ছোট বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানো শুরু করেন তিনি। নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বহুবার।
তবে সময়ের সঙ্গে বদলে গেছেন লুবাবা। এখন তাকে দেখা যায় বোরকায় আবৃত অবস্থায়, কথাবার্তায় ফুটে ওঠে ইসলামি আদর্শের প্রতিফলন। সম্প্রতি আলোকিত নারী পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে একটি ফেসবুক রিল প্রকাশ করেন তিনি। সেখানে লুবাবা বলেন, “এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।”
সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবা অভিনয়ে আসেন পারিবারিক অনুপ্রেরণায়। এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এখন ধর্মীয় জ্ঞানে আলোকিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তার এই পরিবর্তন ও জীবনদর্শন নেটিজেনদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।






