জীবনের শেষ সময়ে অসুস্থ পালক বাবার পাশে না থাকায় স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও মডেল হিরো আলম। মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক।
শৈশবেই হিরো আলমের দায়িত্ব নিয়েছিলেন আবদুর রাজ্জাক। হিরো আলমের প্রকৃত বাবা মারা যান ২০১৭ সালে। বাবার মৃত্যুর খবর নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
একইসঙ্গে ফেসবুকে স্ত্রী রিয়ামনিকে বয়কটের ঘোষণা দিয়ে হিরো আলম লিখেছেন, “রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু সে তার খোঁজ নেয়নি। বরং বিভিন্ন ছেলেদের সঙ্গে নাচ-গান করে বেড়িয়েছে। এমনকি তার পরিবারের কেউ বাবাকে দেখতে আসেনি।”
তিনি আরও লেখেন, “রিয়ামনি মায়ামনি ঢাকার বিভিন্ন বারে ডান্সার হিসেবে কাজ করে। আমি চেয়েছিলাম তাকে ভালো পথে আনতে। কিন্তু ছাড়ানো গরু ঘরে রাখা যায় না। খুব শিগগিরই সবাই বুঝবেন, সে আসলে কেমন।”
উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েন হিরো আলম। পরে তাকে বিয়ে করেন। তবে সেই সম্পর্ক এখন ফাটলের মুখে।






