সহকর্মীকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে মাদক সেবনের অভিযোগের পর আলোচনায় আসেন অভিনেতা শামীম হাসান সরকার। এসব অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা, যেগুলো সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন শামীম।
এরপর বাচিক শিল্পী সিফাত বন্যা এবং অভিনেত্রী নুফা তানহাও শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ তোলেন। ফলে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক।
এমন পরিস্থিতিতে গুঞ্জন ওঠে, সদ্য বিবাহিত স্ত্রী আফসানা আক্তার স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগে ক্ষুব্ধ হয়ে বাসা ছেড়ে চলে গেছেন। এবার এই গুজবের জবাবে মুখ খুললেন শামীম।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার স্ত্রী আমার সাথেই আছে।’ একইসঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলেন, ‘ভিউ বাড়ানোর জন্য অসত্য সংবাদ প্রকাশ করবেন না। আমরা বিয়ের পর আপনাদের ভালোবাসা পেয়েছি, আল্লাহ সব জানেন।’
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল আফসানাকে বিয়ে করেন অভিনেতা শামীম হাসান সরকার।






