রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং তার বাড়ি ময়মনসিংহে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল চারটার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তিনি জানান, ইংরেজি ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে একপর্যায়ে ইংরেজি বিভাগের কয়েকজন ছাত্র ছুরিকাঘাত করে পারভেজকে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম পারভেজের ছবি শেয়ার করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।






