মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কুয়েতে বহু বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করে আসছেন। সেই ধারা অনুসরণ করে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিত সেনাসদস্য নিয়োগ করতে আগ্রহী।
প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনা নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান প্রেস সচিব।
বর্তমানে দোহায় আয়োজিত অর্থনীতি বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে।






