দীর্ঘ এক যুগ ছিলেন সিঙ্গেল। কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের প্রেমজীবন যেন রহস্যে ঘেরা অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অবশেষে সেই পর্দা যেন একটু উঠল—এবং সেটা পাপারাজ্জিদের কল্যাণে!
সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের জমকালো পার্টিতে শুক্রবার রাতে হাজির হন টম ক্রুজ। কিন্তু সেদিনের সবচেয়ে চাঞ্চল্যকর মুহূর্ত ছিল—টমের পাশে থাকা রহস্যময় নারী। দ্রুতই ধরা পড়ে যান—তিনি আর কেউ নন, ‘নো টাইম টু ডাই’ খ্যাত হলিউড সেনসেশন আনা ডে আরমাস।
টমের গাড়ি থেকে নামার সময় আলোকচিত্রীদের বিভ্রান্ত করতে গিয়েও ব্যর্থ হন তিনি। পাপারাজ্জিদের তীক্ষ্ণ নজর এড়িয়ে রাখা যায়নি আনাকে। এই গোপন উপস্থিতিই প্রেমের গুঞ্জনকে যেন নিশ্চিত খবরের রূপ দেয়।
গত ফেব্রুয়ারিতে পিপলডটকম প্রথম দাবি করেছিল, টম ও আনার মধ্যে নতুন সম্পর্কের সূচনা হয়েছে। তারা একসঙ্গে সময় কাটিয়ে পরস্পরকে জানার চেষ্টা করছেন। এরপর ১৪ মার্চ লন্ডনে একই হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় তাদের। যদিও সেসময় বলা হয়েছিল, তারা নাকি কোনো নতুন সিনেমার কাজে ব্যস্ত—কিন্তু সেই সিনেমার খবর আজও মেলেনি।
‘রাডার অনলাইন’ জানায়, টম যেখানেই যান—যুক্তরাষ্ট্র বা ইউরোপ—বেশিরভাগ সময় আনা তার সঙ্গে থাকেন। একদিকে হলিউডের দুই দুঃসাহসী তারকা, যারা নিজের স্টান্ট নিজেই করেন; অন্যদিকে গোপন প্রেম, যা শেষ পর্যন্ত রয়ে গেল না গোপন।
উল্লেখ্য, টমের আগে বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আনা, যা স্থায়ী হয়েছিল ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত।
গল্পের শুরুটা হয়তো আলো-আঁধারিতে, কিন্তু এখন প্রেমটা একেবারেই স্পটলাইটে!






