আইপিএলের মঞ্চে এক রুদ্ধশ্বাস ব্যাটিং ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। পাঞ্জাব কিংসের বিপক্ষে তার বিধ্বংসী ইনিংসে যেন সব কিছুকে ছাপিয়ে গেল রানের বন্যা। হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে ২৪৫ রানের পাহাড়সম লক্ষ্যও তুচ্ছ হয়ে দাঁড়াল অভিষেকের ১৪১ রানের বিস্ফোরক ইনিংসের সামনে। ৫৫ বলে খেলা এই ইনিংসে ছিল ১৪টি চার ও ১০টি ছয়। ৮ উইকেট হাতে রেখে এবং ৯ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় হায়দরাবাদ।
রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম উইকেট জুটিতেই ট্রেভিস হেডের সঙ্গে ১৭১ রানের জুটি গড়ে দলের ভিত্তি গড়ে দেন অভিষেক। হেড ৩৭ বলে ৬৬ রান করে আউট হলেও অভিষেক চালিয়ে যান রানের ঝড়। এরপর হাইনরিখ ক্লাসেনের সঙ্গে ৫১ রানের জুটিতে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। মাত্র ২৩ রান বাকি থাকতে আউট হন অভিষেক, তবে ততক্ষণে ম্যাচ কার্যত শেষ। এই ইনিংসের মাধ্যমে লোকেশ রাহুলের ১৩২ রানের রেকর্ড ভেঙে আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নতুন মাইলফলক গড়েন তিনি।
শেষদিকে ক্লাসেন ১৪ বলে ২১ এবং ঈশান কিশান ৬ বলে ৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় পাঞ্জাব। ইনিংসের শুরুতেই প্রিয়াংশ আর্য ১৩ বলে ৩৬ এবং প্রভশিমরন সিং ২৩ বলে ৪২ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ছন্দে খেলেন ৩৬ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস। শেষপর্যন্ত পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ২৪৫ রান।
তবে বল হাতে হতাশ করেছেন মোহাম্মদ শামি, ৪ ওভারে ৭৫ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি। হর্ষল প্যাটেল ৪টি ও এশান মালিঙ্গা ২টি উইকেট পান। পাঞ্জাবের হয়ে আর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচে অভিষেক শর্মা শুধু ম্যাচের চেহারাই বদলে দেননি, বদলে দিয়েছেন নিজের ক্যারিয়ারের গতিপথও।






