অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ সমাবশে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করে। এসময় বক্তারা বলেন, দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও আজ আমাদের ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়। প্রতিদিনই সারা দেশে বিভিন্ন স্থানে নারীদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সম্প্রতি মাগুরাসহ যেসব স্থানে এই ধরনের ঘটনা ঘটছে সব ঘটনার দ্রুত বিচার করার দাবি জানান তারা।
প্রতিনিধিদের পাঠানো খবর
রাজবাড়ী: মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লায়লী নাহার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন।
সাতক্ষীরা: জেলার শহীদ আঃ রাজ্জাক পার্ক সংলগ্ন চত্বরে সন্মিলিত নাগরিক সমাজ সাতক্ষীরা সহ কয়েকটি বেসরকারি সংস্থার ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবধিকার কর্মী মাধব দত্ত। বক্তব্য রাখেন, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, নাগরিক নেতা আদিত্য মল্লিক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, ছাত্রী সাহিনা, শ্রেয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি প্রমুখ।
দিনাজপুর: মঙ্গলবার (১১ মার্চ) সকালে দিনাজপুর প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরসীর আহ্বায়ক ও পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। এসময় নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরসীর যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান তারেক, কানিজ রহমান,দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রুবি আফরোজ, শিক্ষাবিদ শফিকুল ইসলাম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এনজিওর প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।






