রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় বাড়ি বা ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি প্রতিরোধ আইনের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদারসহ অন্যান্য কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এর আগে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দ করা প্লট বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল।
দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৯ নম্বর প্লট শেখ হাসিনার নামে বরাদ্দ দেওয়া হয়েছে, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের লঙ্ঘন।
এই মামলাগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।






