হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ২৩টি মামলা রয়েছে। ভাইপো রাকিব ওরফে কাজী রাকিব রায়পাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তৌহিদের ছেলে।
ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভাইপো রাকিব এলাকায় ফিরেছে। এরপর অভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। ভাইপো রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি খুন, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, ২টি চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার শিকার হন।
শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তারের খবর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে এর সত্যতা সম্পর্কে খোঁজ খবর নেন। স্বস্তি ফিরে পান এলাকার লোকজন।






