বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে ‘শিশু’ এই শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এটুকু বলব কোন শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এইজন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে; ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে যেয়ে এই সরকারও আসামি হতে পারে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নং ধামগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোন উপায় নেই। আপনারা সবাই দোয়া করেন বিএনপি যেন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।
স্থানীয় পরমতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এফএম তারেক মুন্সী, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, বিএনপি নেতা সৈয়দ তৌফিক আহমেদ, কাজী জুম্মন বসরি, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া।






