রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আজও বিক্ষোভরত শ্রমিকদের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। সোমবারের মতোই মঙ্গলবার সকাল ৯টা থেকে স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিকরা মূল ফটকে অবস্থান নেন।
এদিকে, বকেয়া বেতন ও ভাতার দাবিতে আজ দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকরা। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান।
স্টাইল ক্রাফটের শ্রমিক নেতা রাজু আহমেদ জানান, গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “আমাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া প্রায় ২০ কোটি ৮৬ লাখ টাকা। সেই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
টিএনজেড গ্রুপের শ্রমিক নেতা শহীদুল ইসলাম বলেন, “দুপুর আড়াইটায় যমুনার উদ্দেশ্যে আমাদের পদযাত্রা শুরু হবে। ঈদের আগে শ্রম সচিব ১৭ কোটির পাওনার বিপরীতে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”
তিনি আরও জানান, এই পদযাত্রা তাদের চূড়ান্ত আন্দোলনের অংশ, যার লক্ষ্য পুরো বকেয়া আদায় নিশ্চিত করা।






