জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে— কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে।
সোমবার (২১ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অনৈতিক হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজের ক্রয়ে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাকে সাত দিনের মধ্যে এসব অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়ে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে বলা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এই বহিষ্কারাদেশ কার্যকর থাকবে।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।






