দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ শনিবার (১৯ এপ্রিল) পালন করছেন ‘রাইজ ইন রেড’ নামক কর্মসূচি। এর অংশ হিসেবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনেসহ গুরুত্বপূর্ণ স্থানে তারা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিচ্ছেন।
গতকাল রাতে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখান থেকেই শিক্ষার্থীরা তাদের আন্দোলনের বিভিন্ন খবর ও আপডেট প্রকাশ করছেন।
আয়োজকরা জানান, আজ সকাল ১১টা ৩০ মিনিট থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই কর্মসূচি পালন হচ্ছে।
কুমিল্লায় ঘটে যাওয়া ‘ন্যক্কারজনক ঘটনা’র প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ইনস্টিটিউটের প্রধান ফটকে লাল কাপড় টানিয়ে প্রতীকী প্রতিবাদ করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সাধারণ জনগণের দুর্ভোগ এড়াতে তারা মহাসড়কের দুই পাশে অথবা জনসমাগমপূর্ণ স্থানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দাবি জানাবেন। তাদের ছয় দফা দাবির বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষার প্রতি বৈষম্য দূর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করাই এই আন্দোলনের মূল লক্ষ্য।






