৬ দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর তারা তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই মিছিল শুরু করে।
এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিলও করে শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে তাদের সঙ্গে প্রতারণা করেছে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি: ১. হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি বাতিল এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
২. ২০২১ সালে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন করতে হবে।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে নির্ধারিত বয়সসীমা কার্যকর, চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু এবং ধাপে ধাপে পুরো কোর্স ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৪. সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে অন্যদের নিয়োগ বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৫. কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পদগুলোতে অযোগ্য সাধারণ জনবল নিয়োগ নিষিদ্ধ এবং কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
৬. ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে আলাদা মন্ত্রণালয় গঠন ও একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। একইসঙ্গে নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য ডুয়েটের অধীনে ভর্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।






