রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত মামলার চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন। আসামিরা বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব সালাউদ্দিন এবং আরও কয়েকজন কর্মকর্তা ও প্রকৌশলী।
দুদকের তদন্ত অনুযায়ী, পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬০ কাঠা জায়গা জুড়ে ছয়টি প্লট বরাদ্দের পেছনে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। মামলাগুলো দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।






