বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনসংক্রান্ত সংকটের সমাধান ঐক্য ও আলোচনার মধ্য দিয়েই সম্ভব। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশে স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলা ১৪৩২ সাল জাতির জন্য নতুন সম্ভাবনা ও আশার বার্তা বয়ে আনবে বলেই আমরা বিশ্বাস করি। অতীতের জঞ্জাল সরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
আসন্ন নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি— আলোচনা ও জাতীয় ঐক্যের মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটিও আলোচনার মাধ্যমেই কাটিয়ে উঠা যাবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সূচি ডিসেম্বর থেকে পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে আমরা আশাবাদী, ঐক্যের মাধ্যমেই এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাবে।”






