বড়লেখা উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় স্বজন ও জনসাধারণের সহযোগিতায় এই অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার কলাজুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুর রহমান। অভিযানের সময় রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তার করা হয়। তবে গাড়িতে তোলার মুহূর্তে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:
১. তাজুল ইসলাম
২. জামিল আহমদ
৩. গৌরধন সিংহ
৪. মুরাদ আহমদ
স্থানীয়দের দাবি, মূল অপরাধীদের না ধরে, পুলিশ তিনজন নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীকে আটক করেছে।
বড়লেখা থানার এসআই দেবল চন্দ্র সরকার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আবুল কাশেম সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






