বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাতে এ গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়েছে, সরকারের জারি করা এসআরও নং ১৩৭-আইন/২০২৫ অনুযায়ী, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অধীনস্থ সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬, তারিখ: ০৩/১১/২০০৮) স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনেও আওয়ামী লীগের যেকোনো ধরনের প্রচার নিষিদ্ধ করা হয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা অন্যান্য দলগুলো। এ দাবির প্রেক্ষিতে ১০ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সেদিন রাতেই সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়।
পরদিন রোববার অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয় এবং রাতেই তা কার্যকর করা হয়।






