ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণসমাবেশ। বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল আকারে মানুষ আসতে শুরু করেছে।
শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে আসা মিছিলগুলোতে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। তাদের লক্ষ্য একটাই—গাজার নিরস্ত্র মানুষের পাশে দাঁড়ানো, আন্তর্জাতিক জনমত গঠন, এবং মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়া।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এ কর্মসূচি, যেখানে অংশ নেবেন দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
রাজধানীর উত্তরা থেকে বন্ধুদের নিয়ে কর্মসূচিতে আসা তৌহিদুল ইসলাম বলেন, “ফিলিস্তিনে যে নির্মমতা চলছে, আমরা দূর থেকে কিছু করতে না পারলেও অন্তত এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই—আমরা তাদের পাশে আছি।”
সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছিলেন নাজমুল হোসাইন। তবে তার কথায়, “এখানে এসেছি শুধু পতাকা বিক্রি করতে নয়, মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদ জানাতেই। সকাল থেকেই মানুষের এমন স্রোত এই প্রতিবাদের শক্তি প্রমাণ করে।”
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেছেন।
এই গণজমায়েত যেন শুধু একটি কর্মসূচি নয়—এটি একটি বিবেকের আহ্বান, যা বিশ্বব্যাপী চলমান নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরছে।






