বলিউড সুপারস্টার সালমান খানকে এবার সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাড়ি ও গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে। মুম্বাইয়ের ওরলি ট্রাফিক ডিভিশনের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকির বার্তা পাঠানো হয়। বিষয়টি নিয়ে ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই বার্তা পাঠিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সালমান খান ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত হন। তখন থেকে বিষ্ণোই গ্যাংয়ের রাডারে রয়েছেন তিনি। কয়েক বছর ধরে গ্যাংটির পক্ষ থেকে একাধিকবার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৪ এপ্রিল দুই যুবক মোটরসাইকেলে এসে বান্দ্রায় সালমান খানের ফ্ল্যাটের সামনে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে। এরপর নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমেও হুমকি পাঠানো হয়। এসব ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ জনের বিরুদ্ধে মামলা হয় এবং সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির আওতায় আনা হয়।
এদিকে লাগাতার হুমকির প্রেক্ষিতে সালমান খানের বান্দ্রার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির প্রতিটি জানালায় বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছে, বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, এবং ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও একের পর এক হুমকি মুম্বাই পুলিশের চিন্তা বাড়িয়ে দিচ্ছে।






