গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে নিহত মিরপুরের বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণের হত্যাকাণ্ডের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হওয়ায় শোবিজ অঙ্গনে বিস্ময়ের ছাপ পড়েছে। প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনও সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঁধন লেখেন, “আমি এখন এমন এক জীবনের স্তরে পৌঁছেছি, যেখানে প্রতিক্রিয়া দিতে দেরি হয়। কিন্তু কখনো কখনো নীরবতা যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়।”
তিনি বলেন, ইরেশ যাকের সবসময় সত্যের পক্ষে ছিলেন এবং ছাত্র আন্দোলনের প্রতিটি মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ৪ঠা আগস্ট কারফিউ ঘোষণার রাতে শাহবাগে তিনি বাঁধনের সঙ্গে ছিলেন এবং ঝুঁকি সত্ত্বেও তার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। বাঁধন আরও লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইরেশ যাকের কখনো শেখ হাসিনার সরকারের চাপে নতি স্বীকার করেননি। গণভবনে যাওয়ার চাপ থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।
ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন বাঁধন।






