টালিউডের অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল তার বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “ওর গালে শুধু হালকা ছোঁয়া লেগেছিল, সেটাকেই ইচ্ছাকৃতভাবে অন্যভাবে উপস্থাপন করে আমাকে ফাঁসানো হয়েছে।”
অরিন্দমের দাবি, শুটিং চলাকালে ঘটনাটি ঘটেছিল এবং তখন সেটে উপস্থিত ছিলেন অনেক টেকনিশিয়ান। তিনি প্রশ্ন তোলেন, “একটা শুটিং ফ্লোরে, এত লোকের মাঝে, এমন কিছু ঘটানো কীভাবে সম্ভব?”
তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে তার বহু শত্রু রয়েছে যারা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে। “যারা আমাকে সহকর্মী বা বন্ধু বলে পরিচয় দিত, তারাই এখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে,”— বলেন অরিন্দম।
উল্লেখ্য, ঘটনাটির পরপরই তাকে পরিচালকদের একটি সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এক অভিনেত্রী তার বিরুদ্ধে থানায় জিডিও করেন।
তবে শুরু থেকেই অরিন্দম এই অভিযোগকে ‘একটা দুর্ঘটনা’ বলেই দাবি করে আসছেন। এবার ফের মুখ খুলে তিনি ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতির দিকেও ইঙ্গিত দিলেন।






