ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় আয়োজিত এই মোনাজাতে ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত শিশু-নারী, ধ্বংসস্তূপে পরিণত গাজা এবং মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে প্রার্থনা করা হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বলা হয়, ইসরায়েলের নৃশংসতা মানবতার ওপর চরম আঘাত। নির্যাতিত মুসলমানদের রক্ষা ও ফিলিস্তিনের মুক্তির জন্য আল্লাহর দরবারে আকুতি জানানো হয়।
এ সময় গাজায় চলমান হামলা বন্ধ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, আহতদের সুস্থতা এবং শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের বিচার দাবি করে দোয়া করা হয়।
মোনাজাতে অংশ নেওয়া মো. শাহজাহান নামে এক প্রবীণ শিক্ষক বলেন, “টেলিভিশনে যখন ছোট ছোট শিশুদের লাশ দেখি, তখন রাতে ঘুমাতে পারি না। আজ মোনাজাতে শুধু বলেছি—হে আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো।”
এর আগে বিকেল সোয়া ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘মার্চ ফর গাজা’। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী গণসমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ভালোবাসা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।






