লোভনীয় বিদেশি মজাদার ও সুস্বাদু ফল আমেরিকান ফ্যাসটিভ্যাল ও কার্নিভাল জাতের স্ট্রবেরি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। তার চাষ করা ছোট ছোট গাছগুলো ফুল আর কাঁচা-পাঁকা ফলে ভরে গেছে। স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ ফল হওয়ায় দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।
জানা গেছে, শখের বসে ২০২৩ সালের নভেম্বর মাসে ৬ বিঘা জমিতে ৪০ হাজার গাছ লাগিয়ে স্ট্রবেরির বাগান গড়ে তোলেন কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে তার খরচ হয়েছে ৭০-৮০ হাজার টাকা। এ পর্যন্ত ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিদিন ২৫-৩৫ কেজি ফল উত্তোলন হচ্ছে। তার সফলতা দেখে অনেকেই বাগান দেখতে আসছেন।
কৃষি সমৃদ্ধ অঞ্চল হিসেবে চুয়াডাঙ্গা জেলা সারাদেশে বেশ পরিচিত। এই অঞ্চলের মাটি ফসলের জন্য উপযোগী হওয়ায় এখানে প্রায় সব ধরনের ফল ও সবজির আবাদ হয়ে থাকে। আম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে দেশি ও বিদেশি প্রায় সব ধরনের সবজির আবাদ হয়ে থাকে এখানে। এই অঞ্চলের কৃষকেরা চাষাবাদকেই প্রধান কর্ম হিসেবে বেছে নিয়ে বিপ্লব সৃষ্টি করেছেন।
ধারাবাহিক ফল ও সবজির চাষের পাশাপাশি কৃষি উদ্যোক্তা সজল আহমেদ স্ট্রবেরি চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। স্বল্প খরচে অল্পদিনেই অধিক অর্থ আয়ের অন্যতম মাধ্যম হিসেবে তিনি স্ট্রবেরি চাষ করেছেন।
স্থানীয়রা জানান, বিদেশি ফল হলেও দেশের মাটিতে চাষ সম্ভব হচ্ছে। স্থানীয়ভাবে এ চাষ ছড়িয়ে দিতে পারলে পুষ্টিগুণে সমৃদ্ধ ফলটির চাহিদা বাড়বে।
কৃষি উদ্যোক্তা সজল আহমেদ জানান, আমেরিকান ফ্যাসটিভ্যাল ও কার্নিভালসহ চারটি জাতের স্ট্রবেরি চাষ করেছি। গাছ গুলো অনেক ভাল হয়েছে। ফুল আর ফলে ভরে গেছে। এরিমধ্যে হারভেস্ট শুরু হয়েছে। এ ফল বাজারে চাহিদা রয়েছে। প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুনরাও এ চাষ করতে পারে।
জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানান, কৃষি উদ্যোক্তা সজল আহমেদের সফলতায় জেলার অন্যান্য কৃষক এই বিদেশি ফল চাষের দিকে ঝুকছেন। স্ট্রবেরি চাষ করে এক দিকে ফলের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে কৃষকরা স্বল্প সময়ে বেশ ভালো লাভ করছেন।
তিনি আরও জানান, স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ একটি ফল। উচ্চ ফলনশীল স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষাবাদ করার মাধ্যমে পুষ্টি ঘাটতিও পূরণ করা সম্ভব। তার চাষ করা ৫০ হাজার স্ট্রবেরি গাছ থেকে প্রায় ৩০ হাজার কেজি ফল উৎপাদন হবে। এই ফল বাজারজাত করণের সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করা হবে।






