বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মিজানুর রহমান মিনু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ আনন্দের, যা আমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। ঈদ আমাদের শিক্ষা দেয় সাম্য, সহানুভূতি ও মানবিকতার। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, যাতে কেউ বঞ্চিত না থাকে।”
তিনি আরও বলেন, “ঈদের শিক্ষা হোক শান্তি, সহমর্মিতা ও একতার। দেশের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেটাই আমাদের কাম্য। আমরা যেন দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সত্যিকারের মানবিকতার পরিচয় দিতে পারি। সমাজের সচ্ছল মানুষদের উচিত দরিদ্রদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো।”
তিনি দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি প্রার্থনা করি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন উন্নতি, শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে। সকল ষড়যন্ত্র ও অবিচারের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে দাঁড়াতে পারি।”
পরিশেষে, তিনি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।
“ঈদ মোবারক!”






