খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে কুয়েট প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত হলেও সেটি যেন মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করা হয়।
ছাত্রদল নেতারা বলেন, “গত ১৫ বছরে ছাত্রলীগের দ্বারা সৃষ্ট মব কালচারের ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা সুস্থ মতপ্রকাশ, গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সহাবস্থান, মানসম্মত আবাসন ও খাবার নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের আহ্বান জানাই।”
ছাত্রদল কুয়েটের শিক্ষা পরিবেশ স্বাভাবিক করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে।






