বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি। তিনি বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আশিক চৌধুরী জানান, “বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর স্বপ্ন বাস্তবায়নে পোর্ট ক্যাপাসিটি বাড়ানো অত্যাবশ্যক। আমাদের বন্দরের সক্ষমতা সীমিত। আমরা যদি ছয় গুণও বাড়াই, তবুও ভিয়েতনামের ৪৪টি বন্দরের সমকক্ষ হতে পারবো না। বর্তমানে আমাদের হাতে রয়েছে মাত্র পাঁচ থেকে ছয়টি পোর্ট।”
তিনি আরও বলেন, “বিশ্বের শীর্ষ পোর্ট অপারেটরদের আনতে চাচ্ছি যাতে আমাদের সীমিত জমি ও অবকাঠামো সর্বোচ্চ ব্যবহারে সক্ষম হই।”
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।






