পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তিনি আরও জানান, কিছু ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার (৭ মে) এসব কথা বলেন তিনি।
খাজা আসিফ বলেন, “আমরা শান্তিপূর্ণ আলোচনার পক্ষে। তবে ভারত যদি আগ্রাসী আচরণ অব্যাহত রাখে, তাহলে আমরা জবাব দিতেই বাধ্য হবো।” তিনি জানান, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই দ্বিপাক্ষিক সমাধান চান তারা।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বরাতে সরকারি চ্যানেল পিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এক ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে সীমান্তের এলওসি এলাকায় দুধনিয়াল সেক্টরে ভারতের একটি সেনা চৌকি মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইসলামাবাদ।
প্রথমে তিনটি যুদ্ধবিমান ধ্বংসের খবর এলেও, সর্বশেষ তথ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে ভারত একাধিক মিসাইল হামলা চালায় পাকিস্তানে।
ভারতের হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআই মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী।
সূত্র: ব্লুমবার্গ






