নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে ঐকমত্যের অপেক্ষা না করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, কমিশন তার সংবিধানসম্মত ও আইনানুগ ক্ষমতার মধ্যেই নির্বাচন আয়োজনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, অস্ট্রেলিয়া একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তবে নির্বাচন ঘিরে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন, তা কমিশন তার এখতিয়ার অনুযায়ী সম্পন্ন করছে।’






