চারুকলার নববর্ষ উপলক্ষে নির্মিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাদ আলী। তিনি জানান, আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে রমনা পার্কে নববর্ষ উদ্যাপন ঘিরে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, “চারুকলার স্বৈরাচারের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় দায়ীদের চিহ্নিত করা হয়েছে। শোভাযাত্রার আগে গ্রেফতারের সুখবর পাবেন সবাই।”
নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, “পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই। ১৮ হাজার ডিএমপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মাঠে থাকবে র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।”
ঘটনার সময় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি তদন্তাধীন। মামলা চলছে। আসামিকে গ্রেফতারের পর বিস্তারিত বলা যাবে।”






