আজ (শনিবার) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম সংসদ নির্বাচন। দেশটির আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। ভোট না দিলে ২০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হয়।
এই আইনের ফলে প্রতি নির্বাচনে ভোটার উপস্থিতি থাকে ৯০ শতাংশের বেশি। ভোট দেওয়া যায় সরাসরি কেন্দ্রে গিয়ে অথবা ডাকযোগে। ১৯২৪ সালে বাধ্যতামূলক ভোটের বিধান চালু করে দেশটি।
রাজনীতি বিশ্লেষক জুডিথ ব্রেট বলেন, বাধ্যতামূলক ভোটের কারণে সব শ্রেণির মানুষের মতামত নির্বাচনে প্রতিফলিত হয়। অন্যদিকে ঐচ্ছিক ভোটে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে পড়ে, ফলে রাজনীতি প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকে।
অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই ভোটাধিকারও অর্জিত হয়। তাই নতুন অভিবাসীদেরও অংশ নিতে হয় রাজনৈতিক প্রক্রিয়ায়।
এ নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০টি এবং সিনেটের ৪০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লেবার পার্টিকে আবার ক্ষমতায় আনতে চাইলেও পিটার ডাটনের নেতৃত্বাধীন লিবারেল-ন্যাশনাল জোট জয়ের চেষ্টা চালাচ্ছে।






