বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তারা যদি নিরপেক্ষতা থেকে সরে গিয়ে কোনও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে অগ্রসর হন, বিএনপি তা মেনে নেবে না এবং তীব্র প্রতিবাদ জানাবে।
রবিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। অথচ তাদের কিছু উপদেষ্টা উল্টো পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তারা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার ভূমিকা নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না।”
রিজভী আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা এখনও গা ঢাকা দিয়ে আছে। এই মুহূর্তে জরুরি হলো রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের আয়োজন করা।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, “নজরুল কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক। তার সাহিত্য, গান ও চিন্তা আমাদের যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়েছে। বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে নজরুলের চেতনা আমাদের মেরুদণ্ড সোজা রেখেছে। শত দমন-পীড়নের মধ্যেও আমরা তাঁর ভাষায় শৃঙ্খল ভাঙার প্রেরণা পেয়েছি।”
তিনি বলেন, জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে নজরুলের দর্শন আজও প্রাসঙ্গিক। “শোষণমুক্ত সমাজ গঠনে নজরুলের আদর্শ আমাদের সামনে পথ দেখায়,” বলেন রিজভী।






