ভারতের ভূখণ্ডে সিন্ধু নদে যদি কোনো বাঁধ বা জলনির্মাণকাজ শুরু করা হয়, তাহলে পাকিস্তান সামরিক হামলায় জড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে আসিফ বলেন, “আগ্রাসন মানে শুধু গোলাগুলি নয়। পানি আটকে দেওয়া, কিংবা নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়াও এক ধরনের আগ্রাসন। এতে লাখ লাখ মানুষের ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকি তৈরি হয়।”
তিনি আরো বলেন, “যদি নয়াদিল্লি সিন্ধু নদে কোনো বাঁধ নির্মাণ শুরু করে, আমরা নিশ্চিতভাবেই সামরিকভাবে জবাব দেব এবং সেই কাঠামো ধ্বংস করে দেব।”
তবে আসিফ জানান, এখনো পাকিস্তান কূটনৈতিক পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুতে আলোচনা করছে।
উত্তেজনার পেছনের প্রেক্ষাপট
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। দায় স্বীকার করে কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে কঠোর প্রতিক্রিয়া জানায়—সিন্ধু পানিচুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক হ্রাস, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ নানা পদক্ষেপ নেয়।
পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশ ও স্থলসীমা নিষিদ্ধ এবং ভারতীয়দের ভিসা বাতিলের মতো পদক্ষেপ নেয়।
এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন বলেও জিও নিউজের খবরে উল্লেখ করা হয়েছে।
খাজা আসিফ বলেন, “যুদ্ধের হুমকি পুরোপুরি কেটে গেছে, এমন ভাবার সময় এখনো আসেনি।”
সূত্র: জিও নিউজ






