নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর শাখা। দলটি জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তড়িঘড়ি করে এবং এটি বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট। এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “এই কমিশন জনগণের আস্থা হারিয়েছে। অবিলম্বে কমিশনারদের পদত্যাগ করতে হবে।”
দলটির যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তার আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।”
সমাবেশে আরও জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এনসিপি।






