অরুণ জেটলি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ম্যাচে রাজস্থান রয়্যালসকে সুপার ওভারে হারিয়ে আইপিএল ২০২৫-এর শীর্ষে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক, যিনি অসাধারণ বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেষ দুই ওভারে এবং পরে সুপার ওভারে।
প্রথমে ব্যাট করে দিল্লি ৫ উইকেটে ১৮৮ রান তোলে। শুরুটা ভালো ছিল না—জেক ফ্রেসার ম্যাকগুর্ক (৯) ও করুন নায়ার (০) দ্রুত বিদায় নেন। তবে লোকেশ রাহুল ও অভিষেক পোরেল ৬৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। রাহুল ৩৮ এবং অভিষেক ৪৯ রান করেন। পরে ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেল মাত্র ১৯ বলে ৪১ রানের ঝোড়ো জুটি গড়েন। স্টাবস করেন ৩৪, আর অক্ষর অপরাজিত থাকেন সমান রান করে। আশুতোষ শর্মার ১৫ রানের ক্যামিও ইনিংসও দলের স্কোরে বড় অবদান রাখে।
রাজস্থানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জোফরা আর্চার, যিনি দুটি উইকেট নেন।
জবাবে রাজস্থানও সংগ্রহ করে ৪ উইকেটে ১৮৮ রান। সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের উদ্বোধনী জুটি ছিল ৬১ রানের, তবে স্যামসন ইনজুরির কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর জয়সওয়াল ৫১ রান করেন এবং নিতিশ রানা দারুণ এক ৫১ রানের ইনিংস খেলে দলকে জয় কাছাকাছি নিয়ে আসেন। কিন্তু স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে শেষ মুহূর্তে থেমে যায় রাজস্থান। শেষ ওভারে দরকার ছিল ৯ রান, স্টার্ক দেন ৮ রান, শেষ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন ধ্রুব জুরেল (২৬), ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে স্টার্ক নিজেই বল করেন এবং দুটি রানআউট করে রাজস্থানকে আটকে রাখেন মাত্র ১২ রানে। এরপর রাহুল ও স্টাবস ৪ বলেই ম্যাচ জিতে দেন দিল্লিকে—স্টাবস ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
এই জয়ে দিল্লির আইপিএলে এটি পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে, পেছনে ফেলেছে গুজরাট টাইটান্সকে (৮ পয়েন্ট)। সুপার ওভারে এটি ছিল দিল্লির পঞ্চম ম্যাচ, যার মধ্যে তারা রেকর্ড চারটিতেই জিতেছে—সবচেয়ে বেশি জয় আইপিএলের ইতিহাসে।






