আইপিএলে জয় দিয়ে শুরু করলেও এরপর টানা পাঁচ ম্যাচ হারে চেন্নাই সুপার কিংস। অবশেষে সেই হতাশার প্রহর কাটিয়ে ফিরলো জয়ের ধারায়। লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে স্বস্তির হাসি হেসেছে মহেন্দ্র সিং ধোনির দল।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাইকে ঝড়ো সূচনা এনে দেন রাচিন রাবিন্দ্র ও শেখ রাশেদ। এই দুই ওপেনার ২৯ বলে গড়েন ৫২ রানের জুটি। রাশেদ ১৯ বলে ২৭ ও রাচিন ২২ বলে করেন ৩৭ রান। এরপর দ্রুতই ফিরে যান ত্রিপাঠি (৯), জাদেজা (৭) ও বিজয় শঙ্কর (৯), চাপে পড়ে চেন্নাই—১১১ রানে হারায় ৫ উইকেট।
তখন দলকে টেনে তোলেন শিভাম দুবে ও অধিনায়ক ধোনি। ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা ম্যাচ শেষ করেন দারুণ স্টাইলে। ধোনি করেন ১১ বলে ২৬*, দুবে ৩৭ বলে ৪৩*। ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চেন্নাই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা লখনৌ শুরুতে হোঁচট খায়। মার্করাম (৬) ও পুরান (৮) ব্যর্থ হন। পাওয়ার প্লেতে লখনৌ তোলে মাত্র ৪২ রান। মার্শ (৩০) ও বাদানি (২২) কিছুটা লড়লেও কাঙ্ক্ষিত গতিতে রান তুলতে পারেননি।
শেষদিকে রিশাভ পান্ত শুরুর মন্থর ব্যাটিং পুষিয়ে দেন ঝড়ো ফিফটিতে। ৪৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় করেন ৬৩ রান। আবদুল সামাদ যোগ করেন ১১ বলে ২০ রান। তবে চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লখনৌ আটকে যায় ১৬৬ রানে।
চেন্নাইয়ের হয়ে জাদেজা ও পাথিরানা নেন দুটি করে উইকেট।






