পাঁচ দিনের প্রচেষ্টার পর অবশেষে রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হল। মঙ্গলবার (২০মে) সন্ধ্যার দিকে ভাস্কর্যটি ধ্বংস করা হয়।
গত শুক্রবার (১৬মে) বিকেল ৫টা থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একদল লোক জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ভাস্কর্যটি ভাঙতে কার্যক্রম শুরু করেছিলো। ওইদিন বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে একদল লোক শহরের ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে মুজিবের ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।
এদিকে মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলার পর ছাত্র-জনতারা উল্লাসে ফেটে পড়েন এবং ধর্মীয় নানা স্লোগান দিতে থাকেন।
মুজিবের ভাস্কর্য ভাঙার পর ছাত্র-জনতারা অনুভূতি ব্যক্ত করে জানান, অবশেষে ফ্যাসিবাদি চিহ্ন মুছে ফেলা গেল। যেখানে ফ্যাসিবাদ চিহ্ন থাকবে সেখানে ছাত্র-জনতা প্রতিবাদ জানাবে।
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামীগ সরকার গঠনের পর ২০১২ সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নয় বছরে কয়েক ধাপে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ের এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিলো।






