শুধুমাত্র সন্তানের মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে পর্যটন ভিসার ব্যবহার ঠেকাতে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, এমন উদ্দেশ্য নিয়ে করা ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদি কোনও বিদেশি নাগরিক কেবলমাত্র যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে পর্যটন ভিসা ব্যবহার করতে চান, তবে তার আবেদন গ্রহণযোগ্য হবে না। কনস্যুলার কর্মকর্তারা এই ধরণের ভিসা আবেদন বরাবরই নামঞ্জুর করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশি বাবা-মায়েদের এমন প্রবণতা যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক বোঝা সৃষ্টি করতে পারে, কারণ এতে করে মার্কিন করদাতাদের অর্থে সেই নবজাতকের চিকিৎসা ব্যয় বহন করতে হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে দেশটিতে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন ভিসায় দেশটিতে প্রবেশ করে সন্তান জন্ম দিচ্ছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
তারা আরও বলছে, জন্ম পর্যটনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিরা ভবিষ্যতে দেশটিতে ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন। এই উদ্যোগকে মার্কিন করদাতা ও সমাজকে সুরক্ষা দেওয়ার একটি উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে।
বার্থ টুরিজম বন্ধে এই পদক্ষেপ অভিবাসন আইনের শক্তিশালীকরণের অংশ হিসেবেই দেখা হচ্ছে। গত কয়েক বছর ধরেই এই প্রবণতা ঠেকাতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে চীন, রাশিয়া এবং নাইজেরিয়ার নাগরিকদের মধ্যে এমন প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। নতুন নিয়মের ফলে এসব দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে।
তবে মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যাদের ভিসা আবেদন বৈধ ও স্বাভাবিক উদ্দেশ্যপ্রসূত, তাদের জন্য এই নতুন নীতি প্রযোজ্য হবে না।






