পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। শনিবার (১০ মে) ভোরে চালানো এই প্রতিশোধমূলক অভিযানে উত্তর ভারতের একাধিক সামরিক ঘাঁটি, বিশেষ করে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।
সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে এই অভিযানটি ভারতের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “ভারতের আগ্রাসন ছিল আমাদের ভূখণ্ড, জনগণ ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ। এরই জবাবে আমরা এই প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি।”
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এক সরাসরি সম্প্রচারে জানান, ভারত শনিবার ভোরে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, অপর দুটি পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে অবস্থিত।
তিনি বলেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ফাঁকি দিয়ে পৌঁছেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সেগুলো কোনও বিমান বা প্রধান স্থাপনায় আঘাত হানেনি।”
এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। সেনাবাহিনীর দাবি, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট ও জম্মু ও কাশ্মীরের উদমপুর বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই প্রতিরোধমূলক হামলা চালানো হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানান, ‘বুনিয়ান-উন-মারসুস’ শব্দগুচ্ছ কোরআন থেকে নেওয়া, যার অর্থ একটি ঐক্যবদ্ধ ও দৃঢ় কাঠামো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, “দিল্লির উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে।”
প্রসঙ্গত, গত বুধবার ভারতের চালানো প্রথম বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলায় শিশুসহ উভয় দেশের ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান। অধিকাংশ হতাহত পাকিস্তানের বলে দাবি করা হলেও রয়টার্স এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই তারা আনুষ্ঠানিক ব্রিফিং দেবে।






