ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে—এই মন্তব্য করে বাংলাদেশের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৫’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে। তাই প্রস্তুতি ছাড়া থাকা মানে আত্মঘাতী হওয়া।”
তিনি বলেন, “বর্তমানে পাশের দেশগুলোতে (ভারত-পাকিস্তান) যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশকেও সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। আধা–আধা প্রস্তুতিতে চলবে না, সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে।”
দেশের অর্থনৈতিক বাস্তবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গত সরকারের ব্যর্থতায় অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে। তাই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় জাতীয় প্রস্তুতির বিকল্প নেই। এই প্রস্তুতি জাতিকে সাহস ও আত্মবিশ্বাস দেবে।”
ড. ইউনূস জানান, আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারে এগিয়ে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশীয় প্রযুক্তিনির্ভরতা এবং পেশাগত দক্ষতা বজায় রেখে বাহিনীটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা তৎপর রয়েছে। সরকারও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।






