রাজস্থানের জয়পুরের আকাশে কোনো ঝড়ের সতর্কতা ছিল না, কিন্তু বাইশ গজে বয়ে গেল বৈভব সূর্যবংশীর দুরন্ত ব্যাটিং ঝড়। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের জয়ে বড় অবদান রাখলেন এই কিশোর বিস্ময়।
আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হয়ে আলোচনায় আসা বৈভব এবার ব্যাট হাতেও বাজিমাত করলেন। মাত্র ৩৫ বলে তুলে নিলেন সেঞ্চুরি—টি-টোয়েন্টি ইতিহাসে এত কম বয়সে এমন কীর্তি আর কেউ করতে পারেননি। তার ইনিংসটি ৩৮ বলে ১০১ রানের, যেখানে ছিল ৭টি চার ও ১১টি বিশাল ছক্কা। এর আগে মাত্র ১৭ বলে অর্ধশতকও পূর্ণ করেছিলেন তিনি।
গুজরাট টাইটান্সের দেয়া ২১০ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের উদ্বোধনী জুটিই হয়ে যায় ১৬৬ রান মাত্র ১১.৫ ওভারে। বৈভবের সঙ্গী যশস্বী জয়সওয়াল করেন ৪০ বলে ৭০ রান। তবে পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন কেবল বৈভব। ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর বা রশিদ খানের মতো অভিজ্ঞ বোলাররাও তার দাপটে অসহায় ছিলেন।
শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৮ উইকেটের জয় নিশ্চিত করে রাজস্থান। ম্যাচসেরা নির্বাচিত হন ভবিষ্যতের তারকা বৈভব সূর্যবংশী।
বিহারের এই বিস্ময় প্রতিভার ওপর আস্থা রেখেছিলেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। আজকের এই পারফরম্যান্সই প্রমাণ করে দিল, দ্রাবিড়ের আস্থা বৃথা যায়নি।






