আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক ও জাতীয় দলের সাবেক তারকা হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মার্কিন সাময়িকী ব্যারন্স এক প্রতিবেদনে গাত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, কোমরের হাড় ভেঙে যাওয়ার পর গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গাত্তি। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে—উন্নত চিকিৎসার পরেও নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শেষপর্যন্ত চিকিৎসকদের পরামর্শে পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
‘এল লোকো’ বা ‘পাগল’ নামে পরিচিত গাত্তি ছিলেন ব্যতিক্রমী এক গোলরক্ষক। সাহসী ও অভিনব খেলার স্টাইলের জন্য ফুটবল বিশ্বে তিনি ছিলেন অনন্য। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগে সবচেয়ে বেশি—৭৬৫টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার দখলে। দীর্ঘ ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে (১৯৬২–১৯৮৮) তিনি হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নাম।






