ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৫ সালের আইপিএল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা উদ্বেগের কারণে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ম্যাচ চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তানের হামলার খবর ছড়িয়ে পড়লে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে আলো নিভিয়ে দেওয়া হয়। এর প্রভাব পড়ে ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামেও, যেখানে ফ্লাডলাইট বন্ধ হয়ে গেলে খেলা বাতিল করা হয়।
এই ঘটনার পরপরই বিসিসিআই জরুরি বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আইপিএল স্থগিত থাকবে। বিসিসিআইয়ের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন, কারণ আগের সময়ে মহামারি কিংবা জাতীয় নির্বাচন চলাকালেও আইপিএল অন্য দেশে স্থানান্তর করে আয়োজন করা হয়েছিল।
আইপিএলের সিইও অরুণ ধুমাল পিটিআইকে জানান, “পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশনা আসেনি। আমরা সবদিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিচ্ছি। আপাতত শুক্রবারের ম্যাচ আয়োজনের সম্ভাবনা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে।”






